এবারের বিপিএল হবে নতুন সাজে। যোগ হবে নতুন ফ্র্যাঞ্চাইজি, থাকতে পারে বিদেশি প্রতিষ্ঠানও। এ বছরের ডিসেম্বরে শুরু হয়ে বিপিএল শেষ হবে জানুয়ারিতে। তবে নতুন ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি আর প্লেয়ার্স ড্রাফট নিয়ে এতদিন কিছু জানায়নি বিসিবি। বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম গতকাল গণমাধ্যমে জানালেন সেই দিনক্ষণ।
এবারের আসরে যুক্ত হচ্ছে নতুন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি করবে বিসিবি। অনেক প্রতিষ্ঠান আগ্রহও দেখিয়েছে দল নিতে। তাদের যাচাই বাছাই নিয়ে মাহবুব আনাম বললেন, ‘আমরা আশা করব যে এটা আগস্টের মধ্যে আমরা হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি নেবার যে প্রক্রিয়া সেটা শুরু করবো। সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা টাইমলাইন রেখেছি যে নতুন ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করা।’
বিপিএল পরিচালনায় একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করবে বিসিবি। সেই প্রক্রিয়া আগামী আগস্টের মধ্যে শেষ হবে আর ড্রাফট অনুষ্ঠিত হতে পারে অক্টোবরে। এ নিয়ে মাহবুব আনাম জানালেন সেটাই, ‘ড্রাফটটা আরেকটু পরে। প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি, সে টাইমলাইন গুলো হচ্ছে ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না। আগস্টের শেষের মধ্যে আমরা ফ্রাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাবো। সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো।’ পুরোপুরি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এর আগে বিপিএলের দলের মালিকানায় দেখা যায়নি।
এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা দেয়া হবে কিনা এ নিয়ে মাহবুব আনাম বললেন, ‘কিছু কিছু জায়গায় আমরা শুনেছি ইংল্যান্ডের মালিকানাধীন বা বাঙালি যারা ইউএসএ’তে থাকে তারাও করেছে শুনেছি (বিপিএল ফ্র্যাঞ্চাইজি)। তো সেই প্রক্রিয়াগুলো আগস্টে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যাবো তখনই জানাতে পারবো।’


























