আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাঠে (ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে) নেমেছিলেন। প্রতিপক্ষ ছিল নিউ ইংল্যান্ড রেভল্যুশন। তাদের ২-১ গোলে হারিয়েছে মায়ামি। আর দলের জয়ে জোড়া গোল করেছেন মেসি। এমএলএসের চলতি মৌসুমে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজেয় থাকল ফ্লোরিডার ক্লাবটি।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে মায়ামির অবস্থান পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১৮। সাত পয়েন্টের ব্যবধানে সবার শীর্ষ এফসি সিনসিনাতি। যদিও মায়ামি তাদের সামনে থাকা চার দলের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।
এমএলএসে মেসির গোলসংখ্যা ১৫ ম্যাচে ১৪টি। গোলদাতাদের তালিকায় দ্বিতীয় মেসি ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে। যদিও সারিজ মেসির চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন।
ম্যাচ জেতানো ৩৮ বছর বয়সী মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি সব সময়ই বলি, লিও (মেসি) বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ফুটবলের ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে, সেটা অবিশ্বাস্য। অনেক বছর আগে যা কল্পনাও করা যেত না, আজ সে মাঠে সেটা করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান, মেসিকে আমাদের দলে পেয়েছি।’
ম্যাচে জোড়া গোল করে মেসি গড়েছেন দুটি দারুণ রেকর্ড।
প্রথমটি হলো এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন তিনি।
দ্বিতীয়টি হলো ফুটবল ইতিহাসে প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে ওপেন প্লে বা বক্সের বাইরে থেকে ১০০তম গোল করলেন।
গোলের পরিসংখ্যানে মেসি
১১১১তম ম্যাচে সার্বিকভাবে এটি মেসির ৮৭০তম গোল, ৭৫৮তম ক্লাব গোল এবং ৫৩১তম লিগ গোল।
আরকে/সবা


























