গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী— এমন দাবি করেছে (মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “সহজভাবে বলতে গেলে, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে— আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের বি-১ এবং বি-২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।”
তিনি আরও দাবি করেন, “এই তিন সাগরে গত কয়েক দশক ধরে বাণিজ্যিক জাহাজগুলোতে হয়রানি করে আসছিল ইরান। এখন সেখানে কোনো ইরানি জাহাজ নেই।”
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে।
(মার্কিন প্রতিরক্ষা দপ্তর)-এর কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা এবং ২০০-র বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবারের বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার আরও জানান, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শু/সবা
























