মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগের দিন ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস। সোমবার (১৮ মে) থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।
এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।
অন্যদিকে তুরস্ক খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুসরণ করে আগেই ঈদের তারিখ নির্ধারণ করেছে। দেশটির পূর্বনির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া-ও জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। ফলে তারাও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপন করবে।
তবে ব্রুনাই ও আফগানিস্তান-এ চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটিতে ২৮ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ-এ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে ঈদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























