রাজধানীর ধানমন্ডিতে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক সকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং ‘কালবেলা’র সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলা ও লাঞ্ছনা চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ছাত্রদল দাবি করেছে, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও হামলা ও হয়রানির শিকার হয়েছেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা কোনো স্বাধীন ও গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, বিরোধী দলে থাকতেই জামায়াতের নেতাকর্মীরা কর্তব্যরত সাংবাদিকদের ওপর প্রকাশ্যে হামলা চালিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তারা আরও বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে যে ভিন্নমত সহ্য করার মানসিকতা তাদের নেই এবং তারা দেশকে অসহিষ্ণু ও ফ্যাসিবাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়।
যৌথ বিবৃতিতে ছাত্রদল দাবি করে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি বহুদলীয় গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। একটি স্বাধীন দেশে পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ছাত্রদলের নেতারা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: 
























