নিজের জীবন নিয়ে একটি কমিক বই বের করেছেন কিলিয়ান এমবাপে। সেখানে একটি দৃশ্যে আছে, বড়দিনের উপহার হিসেবে তিনি পেয়েছেন রিয়ালের ১০ নম্বর জার্সি।
রিয়ালে খেলার স্বপ্ন পূরণ হয়েছে এমবাপের। এবার পূরণ হল ১০ নম্বর জার্সি পরে খেলাও। লুকা মদরিচের ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সিটা দেওয়া হয়েছে এই ফরাসি তারকাকে।
সপ্তাহখানেক আগে নিজের এক্স হ্যান্ডলে এমবাপ্পেই ইঙ্গিত দিয়েছিলেন জার্সিটা পাওয়ার কথা। গতরাতে রিয়ালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত করা হয়েছে এটা। রিয়াল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা ১০ নম্বর একটা জার্সি পোস্ট করেছে, সেই জার্সিতে নাম লেখা এমবাপের। ১০ নম্বর পাওয়ার তালিকায় থাকা আরদা গুলের ‘লাইক’ দিয়েছেন তাতে।
এমবাপেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্লাবের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে আগুনের ইমো দিয়ে মন্তব্য করেন লুকা মদরিচ।
রিয়ালের ওয়েবসাইটেও এমবাপের জার্সি নম্বর হালনাগাদ করা হয়েছে। ১০ নম্বর জার্সি বিক্রি শুরু হবে আজ।
আরকে/সবা


























