ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
এ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাবিবুর রশিদ। তার চেয়ে তাসনিম জারা পিছিয়ে রয়েছেন ৬৬ হাজার ৫২৮ ভোটে। দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ জাবেদ মিয়ার চেয়ে তিনি পিছিয়ে ৮ হাজার ৭৭৬ ভোটে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “আমাদের সেরা সময় এখনো সামনে।”
ফেসবুক বার্তায় যেসব বিষয় তুলে ধরলেন
১. জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি এবং ঢাকা-৯ এর বিজয়ী হাবিবুর রশিদকে অভিনন্দন জানান। গঠনমূলক রাজনীতিতে সহযোগিতা ও গণবিরোধী সিদ্ধান্তে প্রতিবাদের ঘোষণা দেন।
২. প্রচারণায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক উল্লেখ করে তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।
৩. ভলান্টিয়ারদের ‘পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন’ আখ্যা দিয়ে মনোবল অটুট রাখার আহ্বান জানান।
৪. যুক্তরাজ্যে ফিরে যাওয়ার গুঞ্জন নাকচ করে বলেন, “আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতে।”
৫. ভবিষ্যতে প্রতিটি বুথে সাহসী এজেন্ট ও সচেতন নাগরিক উপস্থিতি নিশ্চিত করতে শক্তিশালী সংগঠন গড়ার ওপর জোর দেন।
৬. জুলাইয়ের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ স্মরণ করে বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
৭. নিজের প্রাপ্ত ভোটকে ‘একটি শক্ত ভিত্তি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, মানুষ পরিচ্ছন্ন রাজনীতি চায়।
শু/সবা
























