জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেওয়ার চিন্তা করছেন বলে তিনি শুনতে পাচ্ছেন। সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, উপদেষ্টারা জনগণের সামনে এতদিন কী কাজ করেছেন, তার সালতামামি প্রকাশ করা উচিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট চুরির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এবং এতে প্রশাসন ও প্রভাবশালী মহলের অংশগ্রহণ ছিল। তার ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে জনগণের ওপর ‘জুলুমতন্ত্র’ চাপিয়ে দেওয়া হয়েছে।
বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করে একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে। এ বিষয়ে ইতিহাস একদিন বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে এবং নারীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।






















