সাবেক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব দেশে থাকতেন না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে চলে গেছেন এ কথা বলার আগে মনে রাখতে হবে, তিনি দায়িত্ব পালনের জন্য দেশে এসেছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফয়েজ তৈয়্যব মূলত নেদারল্যান্ডসে কর্মরত ছিলেন এবং তার পরিবারও সেখানে বসবাস করে। প্রায় দেড় বছর পরিবার থেকে দূরে থেকে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব শেষ হওয়ায় তিনি পরিবারের কাছে ফিরে গেছেন। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।
রিজওয়ানা হাসান আরও বলেন, টেলিযোগাযোগ খাতে ফয়েজ তৈয়্যব যেসব সংস্কার কার্যক্রম নিয়েছিলেন, সেগুলো অনেকের পছন্দ হয়নি। এ কারণেই কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছেন বলে তার অভিযোগ।
তিনি বলেন, দেশে একটি গোষ্ঠী আছে যারা সবকিছুতেই নাটকীয়তা ও উত্তেজনা তৈরির চেষ্টা করে। বাস্তবতার সঙ্গে এর সম্পর্ক নেই। বরং পরিবার থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করায় তার প্রশংসা করা উচিত ছিল।
শু/সবা























