যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত কয়েকশ তরুণ-তরুণীর গণবিয়ের আয়োজন করেছে ইরান। রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে সোমবার এসব বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইরান সরকার সম্প্রতি একটি বিশেষ কর্মসূচি চালু করেছে, যেখানে অংশগ্রহণকারীরা প্রতিশ্রুতি দিচ্ছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো সংঘাতে তারা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ইতোমধ্যে হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বলে দাবি করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে গণবিয়ের ভিডিও সম্প্রচার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জনগণের মনোবল বাড়ানো এবং জাতীয় ঐক্যের বার্তা দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির সরকার আরও সক্রিয়ভাবে জনমত সংগঠনের চেষ্টা করছে।
ফ্রান্স-২৪ জানিয়েছে, এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা প্রয়োজনে গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল হিসেবেও অবস্থান নেবেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, যদি বিদ্যুৎকেন্দ্র বা কৌশলগত স্থাপনায় হামলার আশঙ্কা তৈরি হয়, তাহলে তারা সেখানে অবস্থান করে হামলা প্রতিরোধের চেষ্টা করবেন।
ইরান সরকারের দাবি, এ কর্মসূচিতে ইতোমধ্যে কয়েক লাখ মানুষ যুক্ত হয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফের নামও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ফ্রান্স-২৪
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















