দীর্ঘ আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার সাংগঠনিক পদ ফিরে পেয়েছেন। তার ওপর আরোপিত দলীয় অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে চলতি বছরের ৪ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানভীর বারী হামিমকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আগে ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামিম দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়ার কারণেই তাকে শোকজ করা হয়েছিল।
অবশেষে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে নিজের পদ ফিরে পেয়ে ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক প্রতিক্রিয়ায় হামিম লেখেন, “নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী।” এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানান।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























