যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, ক্রীড়ার বিকাশ এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার।
শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার জলুয়ার দীঘিরপাড়ে বহুল প্রতীক্ষিত ‘পটিয়া মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিপথগামিতা থেকে দূরে রেখে দায়িত্বশীল, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণেই সরকার দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, পটিয়া মিনি স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় তরুণদের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। এখান থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ আমিনুল হক বলেন, এই স্টেডিয়াম শুধু পটিয়ার নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। স্থানীয় পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক এনাম, ফারহানুর রহমান, জিয়াউল হক, নুরুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, গাজী আবু তাহের এবং মইনুল আলম ছোটন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 
























