ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয়ের দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে।
দলটি স্পষ্ট করেছে, নির্বাচনে বিজয় উপলক্ষে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ করা হবে না। বরং শান্তিপূর্ণভাবে দোয়া ও প্রার্থনার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
এ কর্মসূচিতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সারাদেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শু/সবা


























