জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একটি আসনে বিজয় অর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরগুনা-1 আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট। এতে ৪ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে অলি উল্লাহ বিজয়ী হন।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে নতুন ভোটার রয়েছেন ৩৭ হাজার ৯৬০ জন। এছাড়া পোস্টাল ভোটার আছেন ৬ হাজার ২৯৮ জন।
নির্বাচনের আগে ১৬ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ওই দিন আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, ইসলামপন্থী শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে দলটি ২৬৮টি আসনে প্রার্থী দেয়।
শু/সবা


























