ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলেছেন মিয়া গোলাম পরওয়ার। আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার চিন্তা করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তিনি। একই সঙ্গে প্রায় ছয় হাজার বাতিল ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তোলেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক ও সংসদীয় ব্যবস্থায় নির্বাচনই জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। সে কারণেই তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে এবারের নির্বাচনেও অংশ নিয়েছেন এবং সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন।
তিনি জানান, চূড়ান্ত সরকারি ফলাফল এখনও ঘোষণা না হলেও বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল বিভিন্ন পর্যায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং অফিসার, দুই উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
গোলাম পরওয়ারের দাবি, প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা ফলাফল শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ফলাফলের মধ্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। অল্প ব্যবধানের কারণে বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে। আইনি ভিত্তি পেলে পুনর্গণনার আবেদন করা হবে বলে জানান তিনি।
বাতিল হওয়া ভোট প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৬ হাজারের বেশি ভোট বাতিল করা হয়েছে। এসব ভোট বিধি অনুযায়ী বাতিল হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কোথাও ওভাররাইটিং, অঙ্ক লেখায় ভুল বা গণনার ত্রুটি থাকলে আইনানুগভাবে পুনর্গণনার মাধ্যমে তা যাচাই করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রায় দেড় লাখ ভোটার ভোট দিয়েছেন এবং ফলাফল অল্প ব্যবধানে নির্ধারিত হওয়ায় অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। প্রায় এক হাজার ভোটের ব্যবধানকে কেন্দ্র করে বিতর্ক থাকায় হয় বাতিল ভোট পুনরায় পরীক্ষা করা, নয়তো কেন্দ্রভিত্তিক পুনর্গণনার দাবি তুলেছেন তিনি।
ডুমুরিয়া-ফুলতলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রায় দেড় লাখ মানুষ তাকে ভোট দিয়েছেন, যা তার জন্য বড় প্রাপ্তি। জয়-পরাজয় রাজনীতির অংশ হলেও তিনি নিজেকে নৈতিকভাবে পরাজিত মনে করেন না। অসৎ পথ, কালো টাকা বা শক্তি প্রয়োগ ছাড়া মানুষের রায় চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন, এবারের ভোটে উচ্চ উপস্থিতি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন চিত্র তৈরি করেছে। নির্বাচন সুষ্ঠু হওয়ায় সাধারণ জনগণ, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও মোবারকবাদ জানান তিনি।
শু/সবা


























