যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটো-এর ঘাঁটির কাছে মার্কিন কনস্যুলেটের অপ্রয়োজনীয় কর্মীদেরও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, “নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদানার কনস্যুলেট জেনারেল থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।”
এদিকে গত বুধবার তুরস্ক দাবি করেছে, ইরান থেকে তুরস্কের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সময়মতো শনাক্ত করে ধ্বংস করে দেয়।
ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, “তুরস্ককে লক্ষ্য করে হামলার জন্য আমরা ইরানের নিন্দা জানাই। অঞ্চলজুড়ে এমন হামলার মুখে তুরস্কসহ সব মিত্র দেশের পাশে ন্যাটো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।”
তিনি আরও বলেন, ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং জোটের প্রতিরক্ষা অবস্থানও দৃঢ় রয়েছে।
সূত্র: এএফপি।
শু/সবা
























