বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং তিনি নিজে ও তাঁর পরিবার সে সময় নির্যাতনের শিকার হয়েছেন। তাই সরকার গঠন করতে পারলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন কীভাবে বিগত স্বৈরাচারী শাসনামলে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তিনি বলেন, “আমি ও আমার পরিবার বিচার বিভাগের নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। তাই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, বিচার বিভাগ একজন মানুষের জীবন ও একটি পরিবার ধ্বংস করে দিতে পারে। এ কারণে বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মনে করে স্থানীয় সরকার গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র। উন্নত দেশগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকারকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে দেশের অনেক সমস্যার সমাধান স্থানীয় পর্যায়েই সম্ভব হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে সাধারণ মানুষের ছোটখাটো প্রয়োজনের জন্য রাজধানীতে আসার প্রয়োজন কমে যাবে। এতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সহজ হবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে।
তারেক রহমান বলেন, স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা তৈরি হলে মানুষের জীবনমান উন্নত হবে, দুর্নীতি কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। তিনি বলেন, “স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশকে শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং স্থানীয় সমস্যার সমাধান স্থানীয় পর্যায়েই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শু/সবা
























