হাঁটুর সফল অস্ত্রোপচারের পর সান্তোসের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে তার সেরা ছন্দ এখনও ফিরে পায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, নোরোয়েস্তের বিপক্ষে আসন্ন ম্যাচেই তিনি খেলতে পারেন। কিন্তু সান্তোস কোচ জোয়ান পাবলো পরিষ্কার জানিয়েছেন, নেইমারের সাথে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নেওয়া হবে না।
পাবলো বলেন, আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে নেইমারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলের সর্বোচ্চ গোলদাতা থাকায় তার সম্পূর্ণ ফিটনেস নিশ্চিত করা আবশ্যক। “সে ইতোমধ্যে দলে ফিরেছে। কিন্তু এমন একজন খেলোয়াড়ের জন্য, যিনি গুরুত্বপূর্ণ লক্ষ্য (বিশ্বকাপ) সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন, পুরোপুরি ফিট হওয়া জরুরি। তাই আমরা তাকে তাড়াহুড়া করব না। সে যখন পুরোপুরি প্রস্তুত হবে, তখন দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে,” বলেছেন পাবলো।
নেইমার গত ২২ ডিসেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন। তবে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সান্তোসের অনুশীলনে ফিরেছেন। কোচ আরও বলেন, নেইমারের অনুশীলন ও ওয়ান-অন-ওয়ান লড়াই দরকার, যাতে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স দিতে পারেন।
গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নেইমার। বর্তমানে তিনি জাতীয় দলে ফেরার দিকে মনোযোগ দিচ্ছেন। তার সতীর্থ গাব্রিয়েল বারবোসাওও তাকে চাপমুক্ত রাখার চেষ্টা করছেন। বারবোসাও বলেন, “নেইমার স্রেফ একজন খেলোয়াড় এবং দলের আদর্শ ও অধিনায়ক। আমরা চাই সে শতভাগ নিয়ে, শান্তভাবে দলের জন্য খেলুক। সে আবেগাপ্লুত না হয়ে আনন্দের সঙ্গে ফিরে আসুক।”
এভাবে ধীরে ধীরে ফিটনেস ফিরে পেলে নেইমার ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।
শু/সবা
























