রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে।
নিহতরা হলেন—গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৫), রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও তার ছেলে আরাফাত সানী সানভী (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরাফাত সানী সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শু/সবা
























