চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। দুই ম্যাচ শেষে তার একার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫, যেখানে একই সময়ে পুরো ব্রাজিল দলের গোল মাত্র ৪টি। পরিসংখ্যানই যেন বলে দিচ্ছে এবারের আসরে আর্জেন্টাইন অধিনায়কের দাপট কতটা ভয়ংকর।
গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতে পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন মেসি। সেই সঙ্গে দলকে টানা দ্বিতীয় জয়ের স্বাদ এনে দিয়ে নকআউট পর্বও নিশ্চিত করেন তিনি।
ম্যাচের প্রথম গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন মেসি। পরে ইনজুরি সময়ে আরেকটি গোল করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি।
এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, যা ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। দুই ম্যাচ মিলিয়ে তার গোলসংখ্যা এখন ৫, যা এবারের আসরে সর্বোচ্চ।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘হু স্কোর’-এর তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে ৪০টি দল এখনো ৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি। অর্থাৎ একাই অনেক দলের চেয়ে বেশি গোল করেছেন মেসি।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থাও তুলনামূলকভাবে পিছিয়ে। দুই ম্যাচে পুরো দল মিলে তাদের গোল ৪টি, যা মেসির একার গোলসংখ্যার চেয়েও কম। একইভাবে স্পেনও এখন পর্যন্ত করেছে ৪ গোল।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরব। গ্রুপ ‘এইচ’ থেকে দ্বিতীয় স্থান অর্জনকারী দলই নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে।
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 

























